আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২১ আগস্ট: করোনা মহামারীর মধ্যেই ২০২২ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। এবারের মেলার প্রস্তুতি হিসাবে ভ্যাক্সিনেশনের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। মেলার আগে সাগর দ্বীপের বাসিন্দাদের ১০০ শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যে বদ্ধপরিকর জেলা প্রশাসন। সাগরের বিভিন্ন স্কুল ও প্রতিটি ভ্যাকসিনেশন ক্যাম্পগুলিতে সরেজমিনে তদারকি করছেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।

প্রশাসনের নির্দেশ মতো সাগর মেলার আগে যত দ্রুত সম্ভব সাগরের প্রতিটি বুথের বাসিন্দাদের দ্রুত টিকাকরণ শেষ করতে হবে। প্রথম পর্যায়ে সাগর মেলার সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, শ্রমিক, ট্রাক চালক, বিভিন্ন বিক্রেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে ১২ বছরের কম বয়সী শিশুদের মায়েদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পাশাপাশি সাগর মেলা প্রাঙ্গণে যে সমস্ত সাধু সন্তরা থাকেন তাদেরকেও টিকাকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই সাগর ব্লকের ৫০ হাজারের কাছাকাছি মানুষের টিকাকরণ সম্পন্ন করা হয়েছে বলে সাগর ব্লক প্রশাসন সূত্রের খবর। ব্লকের মোট বাসিন্দা ২ লক্ষের সামান্য বেশি। প্রতিদিন টিকার যোগান অনুযায়ী ব্লকের পঞ্চায়েতে এলাকার একাধিক বুথে শিবির করে টিকাকরণ চলছে। এই বছরের মধ্যেই ১০০ শতাংশ টিকাকরণ শেষ করতে চাইছে জেলা প্রশাসন।

প্রতিবছর জানুয়ারি মাসের ১০ থেকে ১৬ তারিখে মকর সংক্রান্তি উপলক্ষ্যে সাগর পূণ্যভূমিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয় গঙ্গাসাগরে। দেশের বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসেন সাগর মেলা প্রাঙ্গণে। মেলায় সরাসরি যুক্তদের ভ্যাকসিনেশনে গুরুত্ব দেওয়া হয়েছে। সেজন্য সাগর ব্লকের বাসিন্দাদের ভ্যাক্সিনেশন সম্পূর্ণ করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। ২০২১ সালে গঙ্গাসাগরের মেলা নিয়ে আদালতের নির্দেশে কোভিড স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছিল। খুব অল্প সংখ্যক পুণ্যার্থী এসেছিল গঙ্গাসাগরে। এবছরও সাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বেশ কয়েকটি উচ্চস্তরের বৈঠক করেছে জেলা প্রশাসন। সেই বৈঠক থেকে মেলার আগে সমস্ত সাগরবাসীকে ভ্যাকসিনেশন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গাসাগর মেলার আগেই সম্পূর্ণ সাগরদ্বীপের বাসিন্দাদের যাতে ১০০ শতাংশ ভ্যাকসিনেশন করা হয় সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

