ভাঙড়ে ফের ভাঙন আইএসএফে, সংগঠন শক্ত হচ্ছে তৃণমূলের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২১ আগস্ট: আবারও ভাঙড়ে বড়সড় ভাঙড় আইএসএফ’য়ে। প্রত্যেকদিনই প্রায় ভাঙড়ের বিভিন্ন এলাকায় এই চিত্র প্রকাশ্যে আসছে। শনিবার ভাঙড়ের আলাকুলিয়াতে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় পাঁচশো কর্মী। শনিবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের হাত ধরে এদিনের এই যোগদান অনুষ্ঠান সংগঠিত হয়। আইএসএফের পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগদান করে বেশকিছু বিজেপি কর্মীরাও। এদিনের এই অনুষ্ঠানে আরাবুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম, হাকিমূল ইসলাম, নিজাম শেখরা।

নিজেদের ভুল বুঝতে পেরেই তৃণমূল থেকে আইএসএফে যাওয়া কর্মীরা পুনরায় দলে ফিরছে বলে জানান আরাবুল ইসলাম। পাশাপাশি তিনি আরও জানান, তৃণমূল ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তাতে অনুপ্রাণিত হয়ে অনান্য দলের কর্মীরা তৃণমূলে ফিরছেন। তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামীদিনে ভাঙড়ে ঐক্যবদ্ধ হয়ে চলার কথা বলেন তৃণমূল নেতৃত্ব।

ঘটনা প্রসঙ্গে এলাকার আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকীর দাবি, যারা বিরোধী দল করে তারা সরকারি কোনও পরিষেবা পাচ্ছে না। তাই সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার লোভ দেখিয়ে এবং নানারকম ভয় ভীতি দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদান করাচ্ছে বলে দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। যদিও আগামী পঞ্চায়েত ভোটে অনেক বেশি ভোটে ভাঙড়ে আইএসএফ জিতবে বলে দাবি করেছেন নওসাদ সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *