রাজেন রায়, কলকাতা, ২১ আগস্ট: প্রথমে সোমবার থেকে শনিবার ভ্যাকসিনের দুটি ডোজ একই দিনে দেওয়া হচ্ছিল পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। কিন্তু ভিড়ের কারণে দিন বদল করা হয়। মঙ্গল বৃহস্পতি এবং শনি বার প্রথম ডোজ এবং সোম বুধ শুক্র দেওয়া হচ্ছিল দ্বিতীয় ডোজ। আবারও কলকাতায় সময় বদলাল ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে। কলকাতায় করোনার টিকাকরণ প্রক্রিয়া নিয়ে আবারও বেশ কিছু সিদ্ধান্ত বদল করল কলকাতা পুরসভা।
আজ শনিবার টক টু কেএমসি-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, এখন থেকে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার সময়সূচির বদল করা হল। প্রথম ডোজ নিতেই মানুষ ভিড় জমাচ্ছেন বেশি। দ্বিতীয় ডোজ দেওয়ার সময় তেমন ভিড় হয় না বলেও দাবি করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘যেদিন দ্বিতীয় ডোজ দেওয়ার দিন থাকছে সেদিন একেবারে ফাঁকা থাকছে। অন্যদিকে প্রথম ডোজের দিন অস্বাভাবিক ভিড় হচ্ছে। তাই ঠিক করা হয়েছে যে, প্রত্যেকদিন সকালবেলা দুপুর ৩টে পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হবে। তারপর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সেইমত আগামী সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল দশ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হবে। এবং দুপুর ৩ টে থেকে প্রয়োজন হলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দ্বিতীয় ভ্যাকসিনের টিকা দেওয়া হবে।’ বলে জানান কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এখন রোজই ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ দুটোই দেওয়া হবে বলেও জানান ফিরহাদ হাকিম।
তিনি আরও জানান, ‘এখন প্রায় এক লক্ষ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন বাকি আছে। কিন্তু কোনও কারণে মানুষ আসছেন না। সেখানে দাঁড়িয়ে প্রথম ডোজ নেওয়ার ভিড় বেশি থাকছে তাই এই সিদ্ধান্ত বলেও জানান ফিরহাদ হাকিম। এছাড়াও তিনি জানান, কলকাতা কর্পোরেশন প্রতিদিন এক লক্ষ ভ্যাকসিন দিতে পারে। সেই পরিকাঠামো রয়েছে। ইতিমধ্যেই ১২ বছর থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান, ‘স্বাস্থ্য ভবন ভ্যাকসিন দেয় স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী আমরা তারপর ভ্যাকসিনেটেড করি। আমরা স্বাস্থ্য ভবনের অধীন। তাই স্বাস্থ্য ভবন যা নির্দেশ দেবে সেই মতন দেওয়া হবে। কলকাতা কর্পোরেশনের প্রতিদিন এক লক্ষ ভ্যাকসিন দেওয়ার মত পরিকাঠামো তৈরি রয়েছে’ বলেও জানান কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

