গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান, চোপড়ায় ২ কোটি টাকার গাঁজা উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ নভেম্বর: গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো স্পেশাল টাস্ক ফোর্স। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েত লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ জাতীয় সড়কে একটি দশ চাকার লরি থেকে আনুমানিক ২ হাজার কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। জানা গেছে, গাঁজা বোঝাই করা ট্রাকটি মণিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু চোপড়া থানার অন্তর্গত সোনাপুরে ট্রাকটিকে দাঁড় করায় এসটিএফের আধিকারিকরা এবং তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজার প্যাকেট।

এসটিএফের আধিকারিকরা ট্রাক সহ তিনজনকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এই গাঁজাগুলি কোথায় পাচার করা হচ্ছিল তার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে চোপড়া থানার পুলিশ। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *