নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ৮ নভেম্বর: মদ খাওয়ার টাকা না দেওয়ায় কাঁচরাপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করলো একদল দুষ্কৃতী। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁচরাপাড়ার সার্কাস ময়দান এলাকায়।

রবিবার গভীর রাতে কাঁচরাপাড়ার ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন সার্কাস ময়দান এলাকায় শ্রীকান্ত ভোঁসলে নামে ৩২ বছর বয়সী এক স্বর্ণ ব্যবসায়ী রোজকার মতই কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে ও তার কাছ থেকে মদ খাওয়ার জন্য টাকা চায়।অভিযোগ, সেই টাকা দিতে রাজি না হলে ওই দুষ্কৃতীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও ছুরি দিয়ে আক্রমন করে ওই স্বর্ণ ব্যবসায়ীকে। এরপর ওই ব্যবসায়ী চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে আর তখন ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী সমিতির প্রত্যেক লোকজন।
এই ঘটনা সম্পর্কে অন্যান্য ব্যবসায়ীরা বলেন, “অবিলম্বে ওই দুষ্কৃতিদের শনাক্ত করে দ্রুত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেন।”

