আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ জুন: হলদিয়া বন্দরে চুরি রুখতে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ প্রযুক্তির সাহায্য নিতে চলেছে। বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন হলদিয়া বন্দরের গেটগুলিতে প্রযুক্তিগত সাহায্য নেওয়া হবে গাড়ি ঢোকা বেরোনোর ক্ষেত্রে। সেই প্রযুক্তির সম্মুখীন হয়ে তবেই গাড়িগুলি ঢুকতে বা বেরতে পারবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই হলদিয়া বন্দর থেকে তিনটি ট্রাক কার্গো ভর্তি অবস্থায় বেড়িয়ে যাওয়ার সময় শিল্প নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। এই ঘটনার পর থেকেই বন্দরের বিভিন্ন গেটে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়। বন্দর চেয়ারম্যান বিনীত কুমার জানান, বন্দরের গেটগুলিতে ওসিআর প্রযুক্তি ব্যবহার করা হবে। যার মাধ্যমে ক্যামেরার সাহায্যে গাড়ি ঢোকা বা বেরনোর সময় গাড়ির নাম্বারগুলি নথিভুক্ত হয়ে যাবে আপনা থেকেই। তিনি আরো বলেন, বন্দরের গেট গুলিতে “ফাসট্যাগ” এর ব্যবহার করা হবে। যার সাহায্যে গাড়িগুলির মালিকের সাথে সরাসরি সংযোগ রক্ষা করা যাবে। সবমিলিয়ে হলদিয়া বন্দরের শিল্প নিরাপত্তা বাহিনী এবং বন্দর প্রশাসন আগামী দিনে হলদিয়া বন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।


