সীমান্তে অনুপ্রবেশে ও চোরাচালান রুখতে অত্যাধুনিক ফেন্সিং, তৈরি হচ্ছে মহিলা বাহিনী

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৫ জানুয়ারি: উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ রুখতে অত্যাধুনিক কাঁটা তারের ঘেরা দিচ্ছে বিএসএফ। ওই সীমান্ত হবে ‘অ্যান্টি কাট ও অ্যান্টি ক্লাইম্ব’। ইতিমধ্যে এই ফেন্সিং লাগানোর কাজ শুরু করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। মঙ্গলবার বিএসএফের উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারের আইজি অজয় সিং এমনটাই জানান। পাশাপাশি তিনি আরও জানান, পুরনো কাঁটাতারের পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে বিএসএফ। এছাড়াও মহিলা কনস্টেবল নিয়ে তৈরি করা হচ্ছে বিএসএফ ওমেন ব্যান্ড।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৯৩৬.৪১ কিলোমিটার। যার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে যা কাঁটা তার বিহীন। ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রতিনিয়ত ভারতের চোরা পথে প্রবেশ চলছে। শুধু তাই নয় ওই সীমান্ত দিয়ে পাচার, নেশা সামগ্রী সহ চোরাচালানের কারবার ও মাঝেমধ্যেই পাচারের ঘটনা ঘটে থাকে। তাই এবার ওই সীমান্তে অত্যাধুনিক ফেন্সিং লাগাতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে ওইসব সীমান্তে অ্যান্টি কাঁটা ও অ্যান্টি ক্লাইম্ব ফেন্সিং লাগানোর জন্য প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ওই বরাদ্দকৃত টাকা দিয়ে যত দ্রুত সম্ভব বেড়া বিহীন ওই এলাকায় সীমান্ত দেওয়া হবে।

বিএসএফের উত্তরবঙ্গের আই জি অজয় সিং বলেন, ভারত বাংলা সীমান্তের ১০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার না থাকায় ওই জায়গায় বিশেষ নজরদারি চালাতে হতো তবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা বরাদ্দ করেছে তাতে ওই কাঁটা তারহীন সীমান্তে অত্যাধুনিক ফেন্সিং লাগানো হবে। এর ফলে সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ কিছুটা হলেও রোখা যাবে। পাশাপাশি এদিন আইজি আরো বলেন, পাচারকারীরা সীমান্তে চোরাচালান কারবার চালাতে অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক ও প্রযুক্তিকে ব্যবহার করে তাদের কারবারকে রমরমা চালাচ্ছে তাই বিএসএফ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করছে। পাশাপাশি ৯৫০ জন মহিলা কনস্টেবলকে আলাদা করে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ চলছে প্রশিক্ষণ শেষ হয়ে গেলে সীমান্ত এলাকায় যেখানে তাদের প্রয়োজন হবে নিয়োগ করা হবে। তাছাড়াও এদের মধ্যে থেকে বেশ কয়েক জনকে বেছে আলাদা মহিলা ব্যান্ড তৈরি করা হবে। শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকায় নজরদারিতে বিশেষ জোর দেওয়া হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং আধুনিক প্রযুক্তির সাহারা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *