নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ভাঙ্গা চশমা, হইচই শিলিগুড়ি শহরজুড়ে

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৫ জানুয়ারি: স্বাধীনতা সংগ্রামী তথা দেশের নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে ভাঙ্গা সানগ্লাস পরানো রয়েছে। ঘটনাটি চাউড় হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজনৈতিক মহলের পাশাপাশি শিলিগুড়ি শহরেও। ঘটনাটি চোখে পড়তে নেতাজির মূর্তি থেকে ভাঙ্গা সানগ্লাসটি খুলে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ। এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। কে বা কারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শহরবাসী।

রাত পার হলেই বুধবার দেশজুড়ে পালিত হবে সাধারণতন্ত্র দিবস। তবে তার আগে অপমানিত বাঙ্গালীর গর্ব তথা দেশের নায়ক নেতাজী সুভাষ বসু। গত রবিবার ঘটা করে সমগ্র দেশে পালিত হয়েছে নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী। শিলিগুড়ির সুভাষ পল্লীতে নেতাজির মূর্তিকে সাজিয়ে গুছিয়ে নেতা মন্ত্রী সহ শহরের বিশিষ্ঠ জনেরা তার মূর্তিতে মাল্যদান করে তাঁর জন্মদিন পালন করেছিলেন। তবে জন্মদিন পালনের ৪৮ ঘন্টা পার হতে না হতেই নেতাজীর মূর্তিতে চাপানো হল ভাঙ্গা সানগ্লাস। এমন নিন্দাজনক ঘটনার সাক্ষি হল শহর শিলিগুড়ি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান যে নেতাজির মূর্তিতে কে বা কারা একটি ভাঙ্গা সানগ্লাস পরিয়ে দিয়েছে।এমন ঘটনার পরপরই নিন্দার ঝড় ওঠে সমগ্র শহরেজুড়ে। অনেকেই এমন ঘটনার নিন্দার পাশাপাশি ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

অন্যদিকে, নেতাজিকে সন্মান জানাতে তার মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতা রঞ্জন সরকার।

ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বাম নেতা অশোক ভট্টাচার্য জানান, ঘটনাটি একটি বিকৃত রুচির বহিঃপ্রকাশ। কখনো দেখা গিয়েছে শহরে বিদ্যাসাগরের মূর্তিটিতে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে আবার নেতাজির মূর্তিতে ভাঙ্গা সানগ্লাস। আবার কখনো অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে। অন্যদিকে তিনি বলেন যে, শহরে মদের দোকান বেশি সময় ধরে খোলা থাকছে এবং শহরবাসী মদ্যপানে লিপ্ত হচ্ছেন সমাজটা অধঃপতনে নিয়ে যাচ্ছে। শহরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও তা মনিটরিং করা হয় না বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, তৃণমূল নেতা রঞ্জন সরকার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। এছাড়াও তিনি বলেন, মনীষিদের নিয়ে রাজনীতি আমরা করি না। এমন ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে শিলিগুড়িতে জলপাই মোড়ে বিনয়, বাদল, দীনেশের মূর্তির হাত থেকে খুলে নেওয়া হয়েছিল তাদের অস্ত্র। ঘটনার পরপরই নিন্দায় সরব হয়েছিল গোটা শহর। তবে এবার অপমানিত নেতাজি সুভাষ চন্দ্র বসু। দোষীদের শাস্তির দাবিতে সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *