স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ জানুয়ারি: ৩৩০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম এসতাব আলী। তার বাড়ি স্থানীয় করণদিঘি ব্লকের কান্তিরপাড় গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ডালখোলা থানার মহম্মদপুর এলাকার নির্মীয়মান বাইপাসের ধারে ওই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সেই সময় তাকে গ্রেফতার করা হয়। ডালখোলার এসডিপিও সৌমানন্দ সরকার বলেন, ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ওই যুবক মুর্শিদাবাদের ওমরপুর থেকে ওই ব্রাউন সুগার ডালখোলার কোনো এক ব্যক্তিকে ডেলিভারি করার উদ্দেশ্যে এনেছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

