সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জানুয়ারি: অটো রিক্সার সঙ্গে ম্যাটাডোর মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটো চালকের। আহত হয়েছে ওই অটোয় বসে থাকা দুই যাত্রীর। তাদের মাধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, মৃত অটো চালকের নাম অভিজিৎ হালদার (২৫)। হাবড়ার আশবাদ রেল কলোনি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের যশোর রোডে। আহতদের হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যাটাডো সহ চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় অটোচালক রেলগেট পার হয়ে অশোকনগর স্টেশনের দিকে যাচ্ছিলন। ঠিক সেই সময় হাবড়ার দিক থেকে আসা একটি টাটা ৪০৭ ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিক্সার সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। অটো থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায় চালক। ম্যাটাডোর চালক তাঁর গাড়ির গতিবেগ বাড়িয়ে পালাতে গেলে ম্যাটাডোর চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয় অটোর চালক অভিজিতের। আহত হয়েছে অটোতে থাকা দু’জন যাত্রী। স্থানীয় পথ চলতি ও ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। অভিজিতের রক্তাক্ত দেহ হাসপাতালে পাঠায়। আটক করে ঘাতক ম্যাটাডোর সহ চালককে। ঠিক কীভাবে ঘটল দুর্ঘটনা তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।

