আমাদের ভারত, হাওড়া, ২৯ অক্টোবর: মদ্যপ অবস্থায় বাবাকে কুপিয়ে খুন করল গুণধর ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উদয়নারায়ণপুরের গজা গ্রামে। মৃতের নাম মৃত্যুঞ্জয় সাঁতরা (৫০)। অভিযুক্ত ছেলের নাম উদয় সাঁতরা। উদয়নারায়ণপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
জানাগেছে, মৃত্যুঞ্জয় ও উদয় চাষের কাজ করলেও বেশিরভাগ দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করত। এমনকি মাঝে মধ্যেই কাজে না গিয়ে নেশা করে পড়ে থাকত। স্থানীয় সূত্রে খবর, মৃত্যুঞ্জয় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত বলে প্রতিদিন সন্ধ্যার পর তার স্ত্রী পাশে জায়ের বাড়ি চলে যেত। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা ও ছেলে দু’জনেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি শুরু করে। পরে মৃত্যুঞ্জয় ঘরে শুয়ে পড়ে। অভিযোগ, রাত ৮ টা নাগাদ আচমকা উদয় ঘরের ভিতর থেকে একটি কুড়ুল নিয়ে এসে বাবাকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খুনের খবর পাওয়ার পর উদয়নারায়ণপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

