গলসীতে দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই

জয় লাহা, দুর্গাপুর, ২৮ অক্টোবর: ফের ভর সন্ধ্যায় দুঃসাহসিক ছিনতাই। বাধা দেওয়ায় দোকান মালিককের ওপর হামলা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়কের ওপর গলসীর রাকোনা মোড়ে। আক্রান্ত দোকান মালিক মনোজ দে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনায় জানাগেছে, আক্রান্ত মনোজ দে’র রাকোনা মোড়ে মুদির দোকান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৪-৫ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল দোকানে ঢোকান। অভিযোগ, দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয়। বাধা দেওয়ায় মনোজ দে’র মুখে এলোপাথাড়ি মারধর শুরু করে দুষ্কৃতীরা। গুরুতর জখম হন তিনি। এদিকে দুষ্কৃতী দল জাতীয় সড়কের পাশে রাখা চার চাকার গাড়িতে চেপে চম্পট দেয়। খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী গ্রাম থেকে লোকজন ছুটে আসে। আহত মনোজ দে’কে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসী থানার পুলিশ।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর মোড়ে একটি সোনার দোকানে ডাকাতি হয়। বাধা দেওয়ায় দোকান মালিককে ধারাল অস্ত্র দিয়ে হাতে কোপ দেয় দুষ্কৃতীরা। ঘটনায় দুই মহিলা সহ ৪ জন ধরা পড়ে। ওই ঘটনার পর এদিনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি নাকা চেকিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েক মাস ধরে জাতীয় সড়কের বিভিন্ন থানা ও মোড় এলাকায় নাকা চেকিং চলছে পুলিশের। তারপরও এধরনের ডাকাতির ঘটনায় প্রশ্ন উঠেছে।

যদিও পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন, “ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *