রোমেও গর্জে উঠল “মোদী মোদী” হর্ষ ধ্বনি, সংস্কৃত শ্লোক উচ্চারণের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন আপ্লুত জনতা

আমাদের ভারত, ২৯ অক্টোবর: এবার রোমেও গর্জে উঠল মোদী মোদী ধ্বনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে একের পর এক সংস্কৃত শ্লোক আওড়ালেন অনুরাগীরা। ইতালিতে এইভাবে ভালবাসায় পেয়ে স্বাভাবিক ভাবেই আপ্লুত প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী দু’দিনের সফরে ইতালি শহরের ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর সেখানে। তার মধ্যেই ‘পিয়াজ্জা গান্ধী’ জাতিরজনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী। আর তখনই তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। উপস্থিত ব্যক্তিদের সঙ্গে হাতজোড় করে আলাপ সারেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গেই মোদী মোদী হর্ষ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চত্বর। অনুরাগীরা সোচ্চারে সংস্কৃত শ্লোকও বলেন তাঁর সামনে। সব মিলিয়ে ইতালির জনতার এই ভালবাসায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোমের জি-২০ বৈঠকের পাশাপাশি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি। এ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর।

জি-২০ সম্মেলনে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা, করোনা মহামারীর সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। সম্মেলন শেষে ৩১ অক্টোবর ওয়ার্ল্ডস লিডার সামিট অফ সিওপি ২৬-এ যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যাবেন মোদী। নভেম্বরের ২ তারিখ পর্যন্ত তিনি সফরে থাকবেন।

সিওপি-২৬ অর্থাৎ পরিবেশ সম্মেলন এবার গ্লাসগোতে হবে। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা হবে সেখানে। পরিবেশ রক্ষায় ভারতের ভূমিকার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *