জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ অক্টোবর: খড়্গপুর শহরের উপকণ্ঠে সালুয়ায় ইএফআর ট্রেনিং ক্যাম্পে চলছিল জওয়ানদের গুলির প্রশিক্ষণ। আর সেই গুলি ছিটকে গিয়ে লাগল প্রায় ২ কিলোমিটার দূরে একটি গ্রামের কিশোরীর শরীরে। ওই কিশোরী খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত টাঙ্গাশোল এলাকার বাসিন্দা। বছর ১৫’র কিশোরীর নাম সন্ধ্যা রানী মাহাতো। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে এবং পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার দুপুরের এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ট্রেনিং ক্যাম্পের আধিকারিকরা।
জানাগেছে, খড়্গপুর শহর সংলগ্ন সালুয়া এলাকায় অবস্থিত ইএফর ক্যাম্পে একটি ট্রেনিং সেন্টার রয়েছে। সেখানে চলছিল শ্যুটিং অনুশীলন। সশস্ত্র বাহিনীর ইএফআর জওয়ানরা সেখানে প্রশিক্ষণ নেওয়ার সময় ট্রেনিং ক্যাম্প থেকে ছোড়া গুলিতে আহত হয় স্কুল পড়ুয়া সন্ধ্যা রানী মাহাতো। তাকে পুলিশ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।
কিশোরীর বাবার অভিযোগ, “দীর্ঘদিন ধরে আধিকারিকদের এবিষয়ে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। এর আগেও ওই ক্যাম্প থেকে ছোড়া গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। বার বার জানিয়েও কোনও লাভ হয়নি।
বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ট্রেনিং ক্যাম্পের আধিকারিকরা।

