ঝাড়গ্রাম জেলা তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ অক্টোবর: শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে ঝাড়গাম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দলের মধ্যে কোনও বিভেদ রাখা যাবে না, কোনও রকম ঝগড়া করা চলবে না, মনোমালিন্য রাখা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনও দ্বন্দ্ব থাকলে বা মতবিরোধ থাকে দলকে জানাতে হবে এবং নিজেদের বসে সমস্ত দ্বন্দ্ব মেটাতে হবে।

পার্থ চট্টোপাধ্যায় আবেদন জানান, পুরসভা নির্বাচনে আমাদের প্রত্যেকটি আসনেই জয়লাভ করতে হবে, এটাই আমার প্রথম আবেদন আপনাদের কাছে। সবাইকে দায়িত্ব নিতে হবে কোন রকম নিজেদের মধ্যে ঝগড়া করা চলবে না। কোনও প্রকার মনোমালিন্য রাখা যাবে না, দল যা সিদ্ধান্ত নেবে দলের কাছে আপনারা আপনাদের মতামত জানাবেন, কিন্তু দল যা সিদ্ধান্ত নেবে, যাকে প্রার্থী করবে তার জন্য সবাইকে লড়তে হবে। পঞ্চায়েত নির্বাচনের জন্যও তৈরী থাকুন এখন থেকে। ভোটার তালিকা সংযোজনের কাজ চলছে সেই দিকে নজর রাখুন। মানুষের সুবিধা অসুবিধাগুলি লিপিবদ্ধ করে কী করে সেগুলো ঠিক করা যায় সেই দিকে নজর রাখুন। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না, অন্যায় কাজ করবেন না, কোনও প্রকার অন্যায় দাবি করবেন না, অন্যায়ের সাথে থাকা যাবে না। আমরা সুস্থতার সাথে, স্বচ্ছতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলবাসীকে যে ভাবে তিনি রক্ষা করেছেন, উন্নয়ন করেছেন, প্রকল্পের পর প্রকল্প দিয়ে শান্ত, সমৃদ্ধির পথে নিয়ে গেছেন তাকে রক্ষা করতে হবে। আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো, দল যেমন চাইবে সেই রকম হবে। সবচেয়ে বড়ো কথা আপনাদের এক থাকতে হবে। আমি এখনও ওয়ার্ড এবং ব্লকের খবর রাখি। ছোট খাটো দ্বন্দ্ব এখনো আছে। সেগুলো  মিটিয়ে নিতে হবে। পঞ্চায়েতের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সকলের সঙ্গে বসে আমি ঠিক করেছিলাম তা সত্বেও  দলের নির্দেশে অমান্য করে কোথাও কোথাও কাজ হয়েছে এবার যেন সেটা না হয় তাঁর প্রস্তুতি আপনারা নিন। নিজেরা বসে সমস্ত সমস্যার সমাধান করুন। আমি সকলকে দুর্গা ও কালী পুজোর শুভেচ্ছা জানাই। বিজয়ার পরে এসেছি বিজয়ের বেশে এসেছি। আমরা কেউ হারিনি।

পার্থবাবু বলেন, আমাদের বিরুদ্ধে বহু অপপ্রচার হয়েছে, বহু অর্থ ব্যয় হয়েছে, ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি করতে চেয়েছে কিন্তু বাংলার মানুষ সব কিছু উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করেছে। আমরা মানুষের সেই মর্যাদা রক্ষা করবো, আগামীতে যে ভোট হবে আমি নিশ্চিত করে বলতে পারি যা অবস্থা তাতে শুধু খেলা হবে বলবো না, চার শুন্য গোলে বিজেপি হারবে। যারা এখন গেরুয়া বসনধারী হয়ে নৃত্য করছেন হিন্দু ধর্মকেও নতুন করে সনাতনী ধর্মতেও ভাগ আনার চেষ্টা করছেন তাদের মুখ পুড়বে, জনতাই পোড়াবে, ভোটের মধ্য দিয়ে পুড়বে গণতন্তের মধ্য দিয়ে পুড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *