স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪সেপ্টেম্বর: শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূরে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মির্জাতপুর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ গোলাম বয়স আনুমানিক (২৫)। বাড়ি চাকুলিয়া থানার খিকিটোলা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মহম্মদ গোলাম তার স্ত্রীকে নিয়ে বিহারের কিষানগঞ্জে বাজার করে বিকেলে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়ি থেকে ফিরে ভিন রাজ্যে কাজে চলে যাওয়ার কথা ছিল তাঁর। আজ সকালে শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
এই খবর চাউর হতেই এলাকার মানুষ ভীর জমাতে শুরু করে। মৃত গোলাম মহম্মদের আত্মীয়দের অভিযোগ, গোলাম মহম্মদকে কে বা কারা অন্যত্র খুন করে এখানে এনে গাছে ঝুলিয়ে দিয়েছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্হানীয় বাসিন্দারা দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

