রাজেন রায়, কলকাতা, ৪ সেপ্টেম্বর: কয়লা-কেলেঙ্কারির বিশেষ তথ্য পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটকদের নামও উঠে আসে এই মামলায়। আজ শনিবার সকালে আচমকা পার্কস্ট্রিট এবং ডালহৌসির দুই জায়গায় হানা দিলেন সংস্থার আধিকারিকরা। ওই দুই সংস্থার সঙ্গে কয়লা পাচারের যোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। জানা যাচ্ছে, ওই সংস্থাগুলির মাধ্যমেই কয়লা পাচারের টাকা যেত অন্য কোনও অ্যাকাউন্টে।
জানা গিয়েছে, ওই দলে দিল্লি থেকে আসা অফিসাররাও রয়েছেন। অফিসে হানা দিয়ে ইতিমধ্যেই কর্মীদের বেরতে নিষেধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে একটি পার্ক স্ট্রিটের বিএমডব্লু ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টিল কোম্পানির অফিস ও অন্যটি ডালহৌসির কেয়ারওয়েল ট্রাভেল এজেন্সি, যা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। কর্মীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে ইডি। সংস্থার ডিরেক্টরদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। ওই আধিকারিকদের দল অন্য জায়গায় তল্লাশিতে যেতে পারে বলেও জানা যাচ্ছে।
আগেই এই কয়লা-কাণ্ডে ডাক পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে তলব করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে বলে খবর। সকাল ১১ টায় তাঁকে রাজধানীর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি এই সংক্রান্ত কোনও নোটিস তিনি পাননি।

