কাঁকসার গোপালপুরে জেসিবির ধাক্কায় মৃত্যু জামাইয়ের, জখম শিশুকন্যা ও শ্বাশুড়ি

জয় লাহা, দুর্গাপুর, ১ ফেব্রুয়ারি: উল্টো রুটে আসা জেসিবির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল জামাইয়ের। ঘটনায় আহত হয়েছে শিশুকন্যা ও শাশুড়ি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার গোপালপুর সন্ন্যাসীতলা এলাকায়। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম নবকুমার পাল (৩০)। আউশগ্রামের প্রতাপপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবকুমারবাবু কাঁকসার শোকনা গ্রামে শ্বশুর বাড়ি এসেছিলেন। সেখান থেকে ৬ বছরের শিশুকন্যা ও শাশুড়িকে বাইক করে নিয়ে শঙ্করপুর যাচ্ছিলেন। গোপালপুর সন্ন্যাসীতলা এলাকায় উল্টো রুটে বিপরীতমুখী আসা একটি জেসিবি মেশিনের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় নবকুমারবাবুর বাইকের। তাঁরা তিনজনই গুরুতর জখম হয়। আশপাশের বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা নবকুমারবাবু’কে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে।

এলাকাবাসীর অভিযোগ, ওই রাস্তায় ভারী যানবাহন ও মেশিনের বেপরোয়া যাতায়াতের জন্য পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। এলাকায় প্রায় ৩০ টি কারখানার বর্জ্য পদার্থ বাছাইয়ের কাজ হয় ওই রাস্তার পাশে। তার জেরে দিনভর পণ্যবাহী গাড়ি চলাচল করে। আতঙ্কিত এলাকাবাসী’র অভিযোগ, ওই এলাকার প্রধান রাস্তার দু’পাশে কারখানার বর্জ্য পদার্থ বাছাইয়ের ব্যাবসা চলছে অবৈধভাবে। ফলে ভারি যানবাহন প্রতিনিয়ত ওই রাস্তায় যাতায়াত করায় পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ছে। কিন্তু ওই ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করতে ভিত এলাকাবাসীরা।

গোপালপুর পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল বলেন, ‘খুব মর্মান্তিক ঘটনা ঘটছে। বর্জ্য পদার্থ নিয়ে ওইভাবে ব্যবসা করার কোনও অনুমতি পঞ্চায়েত দেয়নি।’ পুলিশ ঘাতক জেসিবিটিকে আটক করেছে। চালক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *