আমাদের ভারত, ২০ অক্টোবর: রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা না পেয়ে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার নাম করেই তাকে পাল্টা দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “কাজ না করে কথা বলা কিছু লোকের অভ্যাস”। তবে তিনি দলের কর্মীদের বার্তা দিয়েছেন, নিজেদের মধ্যে লড়াই না করে বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হোন।
সোমবার বিজেপির কুড়ি সদস্যের কোর কমিটি ঘোষণা হয়। তার মধ্যে নাম নেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র। এমনকি তাকে যুব মোর্চার কোনো পদেও রাখা হয়নি। এরপরই তিনি মূলত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার সরাসরি সুকান্ত মজুমদারকে অযোগ্য বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, “অযোগ্য নেতৃত্ব মানা কঠিন। উনি আগে নিজের এলাকায় কিছু জিতে দেখান।”
এরপর বৃহস্পতিবার ইজেডসিসির বৈঠক থেকে সুকান্ত মজুমদার নাম না করেই তোপ দেগেছেন সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে। তিনি বলেন, “যারা পার্টির সঙ্গে থাকতে চান, তারা এগিয়ে আসুন। কিছু লোকের অভ্যাস হয়ে গিয়েছে কাজ না করে শুধু কথা বলার। গতকাল এক নেতা অনেক কথা বলেছেন। আমি বলতে বাধ্য হচ্ছি যেসব নেতারা কোনো কাজে থাকেন না যাদের দায়িত্ব দিলে পাওয়া যায় না, তারাই মিডিয়ার সামনে গলা ফাটায়।” একই সঙ্গে সুকান্ত দলের ভেতরে দ্বন্দ্ব তৈরি না করে বিরোধীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে নামার বার্তা দেন। তিনি বলেন, “এই অভ্যাস পাল্টাতে হবে। দায়িত্ব চাইলে এগিয়ে আসুন। চ্যালেঞ্জ করুন, পঞ্চায়েতে জেতাবেন। কিন্তু নিজেদের মধ্যে লড়বেন না। শত্রুর বিরুদ্ধে লড়ুন।”

