কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, করণদিঘিতে গ্রেফতার ২

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ মার্চ: কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দোমোহনা এলাকায়। এই ঘটনায় পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার করণদিঘির দোমোহনার ৩৪ নম্বর জাতীয় সড়কে সাপের বিষ সহ দুই জনকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানায় ধৃত বেলাল আলি (৪৫), বাড়ি রায়গঞ্জের বাহিন এলাকার বিপ্রডাঙ্গি গ্রামে। অন্যজন তালিম শেখ (২৭), বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার নুসরতপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বুলেটপ্রুফ জারবন্দি সাপের বিষ। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে মনে করছে পুলিশ। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই সাপের বিষ কোথা থেকে কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সাপের বিষ সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে। এই সাপের বিষ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং আর কে কে এই পাচার চক্রে জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *