সাপেকাটা মহিলাকে ফিরিয়ে দিল হাসপাতাল, চাকুলিয়ার রোগীকে নিয়ে যাওয়া হল ওঝার কাছে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ জুলাই: হাসপাতালে অমিল সাপেকাটা রোগীর প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা, ফলে সাপে কাটা রোগীকে বাঁচাতে এই সময়েও ওঝার দ্বারস্থ হল পরিজনরা। সোমবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সাপোটবাড়ি গ্রামে।

জানা গিয়েছে, রবিবার রাতে এলাকার এক মহিলা ও তার শিশুকন্যাকে সাপ কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যরা স্থানীয় চাকুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় রেফার করে দেয় বলে অভিযোগ। সেখানে থেকে ইসলামপুরে নিয়ে যাওয়ার পথে কিশানগঞ্জের কাছে মৃত্যু হয় শিশুটির। মহিলাকে কিশানগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এরপরই সাপে কাটা ওই মহিলাকে বাঁচাতে সোমবার স্থানীয় ওঝার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। চিকিৎসা পরিষেবার বেহাল দশার কারণেই একবিংশ শতব্দীতেও সাপে কাটা রোগীকে বাঁচাতে ওঝার স্মরণাপন্ন হতে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। যা গ্রামীণ এলাকার চিকিৎসা পরিষেবার জরাজীর্ণ ছবি তুলে ধরেছে। এক্ষেত্রে প্রত্যন্ত গ্রামগুলিতেও চিকিৎসা পরিষেবা প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *