জামিনের আবেদন খারিজ, পার্থকে ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ

আমাদের ভারত, ২৫ জুলাই:
শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। ইডির তরফে আদালতে ১৪ দিনের হেফাজতের আর্জি জানানো হয়েছিল‌। একইসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কে ১০দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

নিয়োগ দুর্নীতির মামলায় গত শনিবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় পার্থকে। অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে ২১ কোটি টাকারও বেশি নগদ, বিদেশি মুদ্রা, ২০টি মোবাইল ফোন, কয়েক লক্ষা টাকার গয়না, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এগুলো সব নিয়োগ সংক্রান্ত বলেই দাবি ইডির। এছাড়া পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে যার সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলা যোগ আছে বলে দাবি করা হয়েছে।

আদালতে ইডি দাবি জানিয়েছিল, তদন্তের সুবিধার্থে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতে দেওয়া হোক। অর্পিতার জন্য ১৩ দিনের হেফাজতের আর্জি জানানো হয়েছিল। ইডি দাবি করেছে পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে। ফলে তাদের মধ্যে সম্পর্কটা কি তাও তারা জানতে চায়।

আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে আজ ভুবনেশ্বর এইমস নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের চেক আপের পর জানিয়ে দেওয়া হয় তাকে ভর্তি করে রাখার কোনো প্রয়োজন নেই। সেই মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করেন ইডির আইনজীবী। তিনি জানান পার্থ সুস্থ রয়েছেন। তিনি আরো দাবি করেন তিনি যে শুধু সুস্থ রয়েছেন তাই শুধু নয়, পার্থ অন্য একজন রোগীকে বঞ্চিত করছেন। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সে যাতায়াত করে টাকাও নষ্ট করেছেন বলে অভিযোগ করেন আইনজীবী।

এদিকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারি নিয়ে আদালতে প্রশ্ন তুলে তাঁর আইনজীবী বলেন, হাইকোর্টে মামলা রয়েছে। আদালত তাকে গ্রেপ্তারের কথা বলেনি। তদন্তে সবরকম সাহায্য করেছিল পার্থ চট্টোপাধ্যায়। তার পরেও কেন গ্রেফতার করা হলো। তার জামিনের আবেদন জানান তিনি।

কিন্তু বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতি জানিয়ে দেন ৩ আগস্ট পর্যন্ত পার্থ ও অর্পিতাকে হেফাজতে পাঠানো হলো। পাশাপাশি ৪৮ ঘণ্টার ব্যবধানে দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *