কয়েক মিনিটের ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড গোপীবল্লভপুর

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ জানুয়ারি: বর্ষা কিংবা শরৎ ঋতু নয় এই ভরা শীতেই শক্তি দেখালো ঝোড়ো হাওয়া। মাত্র কয়েকমিনিটের ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাশড়া তিন নম্বর অঞ্চলের তালপাদা গ্রাম।ঝড়ের দাপটে নিমেষেই তছনছ হল গ্রামের একাধিক মাটির বাড়ির চালা। ক্ষতিগ্রস্ত একজন কৃষকের বিঘাখানেক জমির কলাবাগান।

জানাগেছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকে গোপীবল্লভপুর এলাকায় মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টি শুরু হয়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। তার মধ্যে এদিন সকাল ৯ টা নাগাদ শাশড়া অঞ্চলের তালপাদা এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রবল ঝোড়ো হাওয়া। কয়েক মিনিটের প্রবল বাতাসে গ্রামের প্রায় ৭ টি মাটির বাড়ির চালা উড়ে যায়।মাটির বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় এই শীতের মধ্যে কিভাবে দিন যাপন করবেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তা নিয়ে চিন্তায় পরিবারগুলো‌। হঠাৎ করে বাড়ির চালা উড়ে যাওয়ায় পরিবারগুলোর জমিয়ে রাখা খাদ্য সামগ্রী থেকে শুরু করে মূল্যবান কাগজপত্র নষ্টও হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ক্ষণিকের এই ঝড়ে এলাকার এক চাষির প্রায় এক বিঘা পরিমাণের কলা বাগান দুমড়ে মুচড়ে নষ্ট হয়েছে।

তবে ভরা শীতের মধ্যে ঝড়ের এই তান্ডব দেখে একপ্রকার বিস্মিত এলাকার মানুষ। কারণ স্থানীয়দের দাবি, এলাকার এই শীতের মরসুমে এভাবে ঝড়ের তান্ডব দেখা যায়নি। যা আজ দেখা গেল। এদিন ঝড়ে ক্ষতিগ্রস্ত কল্পনা মান্ডি নামে এক একাদশ শ্রেণির ছাত্রী বলেন, আজ সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সাথে সাথে কিছুক্ষণ পরে হটাৎ করে কয়েক মিনিটের ঝোড়ো হাওয়ায় ঘরের চাল উড়ে যায়। বাড়ির মধ্যে থাকা সব বই, জামাকাপড়, বিছানা খাবার নষ্ট হয়ে গেছে।সমস্ত জামাকাপড় ও বিছানা ভিজে যাওয়ায় এই শীতে দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *