আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর:
অটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ৮ অটো যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর। আহতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাগেছে, বিহারে জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা পাঞ্জিপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। কিষানগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোটিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর জখম হয় ৮ জন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারের জন্য ছুটে যায়। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ট্রাফিকের সু-ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আহতদের আত্মীয়দের। পাশাপাশি ওই এলাকায় ট্রাফিকের সু-ব্যবস্থা দাবি তুলেছেন তারা। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।


