স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার হদিশ পেল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর ভাটশালা এলাকায়। পুলিশ তল্লাশি চালিয়ে ৪টি দেশী পাইপগান, ১৯ রাউন্ড তাজা কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে চিহারু শর্মা এবং সহদেব শর্মা নামে দুই জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, বিহার লাগোয়া করণদিঘির ভাটশালা এলাকায় চিহারু শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় করণদিঘি থানার পুলিশ। তার বাড়ি তল্লাশি চালিয়ে চারটি দেশী পাইপগান এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের পর তার এক সঙ্গী সহদেব শর্মাকে গ্রেফতার করে। পুলিশ চিহারুর বাড়ি তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার হদিশ পায়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তৈরীর প্রচুর যন্ত্রাংশ। এই আগ্নয়াস্ত্রগুলি কোথায় পাঠানো হত বা কারা এই ব্যবসার সাথে যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

