পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৬ নভেম্বর: পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে পদযাত্রা করল সিপিআইএম। মিছিল থেকে তৃণমূল বিজেপিকে একসঙ্গে আক্রমণ করা হয়। মিছিলের স্লোগান ছিল, “লুঠেরা তৃণমূলীদের তাড়াও, বাংলা বাঁচাও। বিজেপি হঠাও দেশ বাঁচাও।”
মিছিল শুরুর আগে জন্মদিনে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডাকে স্মরণ করা হয়। বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অলিগঞ্জে সিপিআইএম-এর পূর্ব এরিয়া কমিটির অফিস থেকে পদযাত্রা শুরু হয়ে কোতোয়ালি বাজার, ছোটবাজার, স্কুলবাজার, সঙ্গতবাজার জগন্নাথ মন্দির চক, বড়ড়বাজার, মল্লিকচক, মীরবাজার, কর্নেলগোলা, গোলকুঁয়াচক হয়ে ফের এরিয়া কমিটির অফিসে শেষ হয়।

সাতটি ওয়ার্ডের ২৬ টি বুথ এলাকা এই মিছিল পরিক্রমা করে। বেকারদের চাকরি, স্বচ্ছভাবে ধারাবাহিক নিয়োগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হ্রাস, ওষুধ সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে জিএসটি প্রত্যাহার, শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি ও অন্যান্য দুর্নীতেতে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নানা দাবিতে সোচ্চার হন মিছিলে অংশগ্রহণাকারীরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন দলের এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ, সিপিআইএম নেতা কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য, জয়দীপ খাটুয়া, পাপিয়া চৌধুরী, সারদা প্রসাদ চক্রবর্তী প্রমুখ। মিছিলে দুই শতাধিক সিপিআইএম কর্মী সমর্থক ও বামপন্থী গণসংগঠনগুলির সদস্য-সদস্যারা যোগ দেন।

