পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৬ নভেম্বর: কেশপুরের চরকা এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা বুধবার সকালে। মুড়িমুড়কির মত বোমা ছোড়া হয়। এক পক্ষের ছোঁড়া বোমাতে হাতের কব্জি উড়ে গেল অপর পক্ষের এক যুবকের। যখম হয়েছেন আরো কয়েকজন। চরম উত্তেজনা কেশপুরে।
বুধবার দুপুরের পর কেশপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে প্রস্তুতি শুরু হয়েছিল বিভিন্ন এলাকাতে। চরকা এলাকাতে একদল তৃণমূল কর্মী সেই মিছিলের প্রস্তুতিতে বেরোনোর সময় তৃণমূলেরই আরেকটা গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। এই ঘটনায় রফিকুল আলম নামে এক যুবকের হাতে বোমা লাগে। তার হাতের কব্জি থেকে একটা অংশ উড়ে যায় পুরো।
স্থানীয় বাসিন্দা আরেফুল আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করছি। এর জন্য অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে আমাদের। বুধবার তৃণমূলের মিছিলের জন্য প্রস্তুতি নিতে গিয়ে গোষ্ঠী সংঘর্ষের মুখোমুখি হতে হল আমাদের। একটা ভালো যুবকের কবজি উড়ে গেল অন্যদের ছোঁড়া বোমাতে।”
ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেশপুর, পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে হাজির হয়েছে কেশপুর থানার পুলিশ

