আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর: অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস এন্ড হেডমিস্ট্রেসদের ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার। মঙ্গলবার সুনীতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিনই নবগঠিত জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির সদস্য মানস ভট্টাচার্য বলেন, তাদের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রধান শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। অর্থনৈতিকভাবেও বঞ্চিত হতে হচ্ছে তাদের বলে অভিযোগ। অ্যাকাডেমিক বিষয় বাদেও পাশাপাশি ১৮ টি অন্যান্য প্রজেক্ট চালাতে হচ্ছে। ২০০৯ সালে রোপার নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক-শিক্ষিকারা দুটো অ্যাডিশনাল অর্থনৈতিক বেনিফিট পেতেন, কিন্তু সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৯ এর রোপা অনুযায়ী নতুন প্রধান শিক্ষক শিক্ষিকাদের ওই সুবিধা আর দেওয়া হবে না। তাই প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের যাতে স্বার্থরক্ষিত হয় তার জন্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করাই লক্ষ্য বলে জানান মানসবাবু।

কমিটির নতুন জেলা সভাপতি আলো সরকার বলেন, মোট ১১ জনের পূর্ণাঙ্গ কমিটি আজ ঘোষিত হল। সম্পাদক ক্ষৌনিষ গুহ বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র পেশাগত এবং শিক্ষার বিস্তারে তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এগিয়ে যাবেন। এর সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে জানান তিনি।

