আমাদের ভারত, কোচবিহার, ২০ এপ্রিল: আলিপুরদুয়ারের ঝড়ের পর সতর্ক শিলিগুড়ি পুরনিগমও। ঝড় মোকাবিলার জন্য তাদের প্রস্তুতিও সারা। আবার মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দলকে নিয়ে বৈঠকও করা হয়। বৈঠকে সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “আমরা প্রস্তুত রয়েছি। প্রত্যেকটি বিভাগকে বলা হয়েছে আমাদের কি কি প্রয়োজন তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে।”
পাহাড় সহ সমতল সব জায়গায় কালবৈশাখির হওয়ার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতর থেকে তা জানানোও হয়েছে। আবার কোচবিহার, আলিপুরদুয়ার সহ বেশ কিছু এলাকায় ঝড়-বৃষ্টি হওয়ায় নড়েচড়ে বসে পুরনিগম। কারণ কোচবিহারে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়। প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়ে। এরপরই দ্রুত শিলিগুড়ি পুরনিগমে খোঁজখবর নেওয়া হয় ঝড় মোকাবিলায় যাবতীয় দ্রব্য রয়েছে কি না। কি কি মজুত রয়েছে তার তালিকাও প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়।
জানা গিয়েছে, এই মুহূর্তে ২ হাজার ত্রিপল রয়েছে পুরনিগমে। প্রয়োজনে আরও ক্রয় করা হবে। এছাড়া প্রয়োজনীয় খাদ্যদ্রব্যও মজুত রয়েছে। ইতিমধ্যেই দমকল বিভাগের সঙ্গেও কথা বলা হয়েছে। তাদের বলা হয়েছে কোনও এলাকায় গাছ পড়লে তা দ্রুত কেটে পরিষ্কার করার জন্য প্রস্তুত থাকতে হবে।
এপ্রসঙ্গে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। ঝড় এলে আমাদের বিপর্যয় মোকাবিলা দল তা সামাল দেবে। ত্রিপল, খাদ্যদ্রব্য সব কিছুই মজুত রয়েছে। দমকল, বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের সর্বদা সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি আমাদের পুরনিগমের প্রতিটি কর্মীকেও সজাগ থাকতে বলা হয়েছে। কারণ ঝড়-ঝঞ্ঝা যাই হোক বাসিন্দারা যাতে কোনওভাবে বিপাকে না পড়েন সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।”

