বেপরোয়া লরির ধাক্কায় ভাঙ্গলো শ্যামনগর ২৩ নম্বর রেলগেট, ব্যাহত রেল পরিষেবা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ এপ্রিল: সোমবার গভীর রাতে বেপরোয়া লরির ধাক্কায় ভাঙ্গলো শ্যামনগর ২৩ নম্বর রেলগেট। অল্পের জন্য বাঁচলো যাত্রী বোঝাই ট্রেন ও লরি।

২৩ নম্বর রেলগেট সংলগ্ন ফিডার রোডের দিক থেকে একটি লরি আসছিল আর তখন ট্রেন আসার জন্য ওই রেলগেট বন্ধ করা হচ্ছিল। সেই সময় বেপরোয়া গতিতে আসা ওই সিমেন্ট বোঝাই লরিটি রেল গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। তখনই ঘটে বিপত্তি। সেই সময়ে লরির ধাক্কায় গেটের একটি বড় অংশ ভেঙ্গে যায়। আর ভাঙ্গা অংশটি ওই রেলগেট সংলগ্ন রেল লাইনের ৪ নম্বর লাইনের উপর দিয়ে যাওয়া ওভারহেড তারের ওপর গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে আসে ট্রাফিক বিভাগের আধিকারিক এবং রেল পুলিশ। লরিটি ওই অবস্থায় পালানোর চেষ্টা করলে পুলিশ লরিটিকে আটক করে। আটক করা হয় লরির চালককেও। এই ঘটনার জেরে বেশ খানিকক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলের কর্মীরা দ্রুত গতিতে রেল গেটের ভাঙ্গা অংশ সরিয়ে অস্থায়ী রেলগেট লাগিয়ে দেয়। তবে সকাল থেকে শিয়ালদা- শ্যামনগর লাইনে ট্রেন চলছে ধীর গতিতে। সেই সঙ্গে বন্ধ রয়েছে ২৩ নম্বর রেল গেট দিয়ে গাড়ি চলাচল।

এদিন প্রত্যক্ষদর্শীরা জানায় যে, এই দুর্ঘটনায় কোনো কেউ আহত হয়নি ঠিকই তবে বড় দুর্ঘটনা ঘটতেই পারত। লরিটি যদি ট্রেন যাওয়ার সময় এই ধাক্কা মারাত তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *