আমাদের ভারত, ১৮ জুলাই: বাংলাদেশে হিন্দু নির্যাতন রোখা এবং তাঁদের সুরক্ষায় হস্তক্ষেপের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী সুব্রাহ্মণীয়ম জয়শঙ্করকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার এ কথা জানিয়ে শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “কথিত ধর্মবিদ্বেষের অজুহাতে, বাংলাদেশের নড়াইলের লোহাগড়া উপজেলার সাহাপাড়া গ্রামে আবারও বর্বর জনতা হিন্দুদের বাড়িঘর ও সম্পত্তি ভাঙ্গচুর করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী সুব্রাহ্মণীয়ম জয়শঙ্করকে চিঠি দিয়ে তাঁদের হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছি।“ টুইটারে চিঠি দুটি যুক্ত করেছেন শুভেন্দুবাবু।
অপর একটি টুইটারে তিনি লিখেছেন, ”সাম্প্রদায়িক হিংসার পুনরাবৃত্তিমূলক ঘটনাগুলি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের তাড়িত করে। এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের অভিপ্রায় নিয়ে সন্দেহ জাগিয়ে তোলে।” এর সঙ্গে তিনি যুক্ত করেছেন হিংসার তিনটি ছবি এবং বাংলাদেশের একটি অগ্রণী দৈনিকের ইংরেজি সংস্করণে প্রকাশিত একটি সাক্ষাৎকার।
এই টুইটার শুভেন্দুবাবু যুক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রীর দফতর, ভারতীয় কূটনীতি এবং নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে।

