শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল রহড়া- বাবুঘাট ৭৮/১-২ রুটের বাস পরিষেবা, মালিকদের সাথে বৈঠকে বসবেন শোভন দেব চট্টোপাধ্যায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ডিসেম্বর: ড্রাইভার, খালাসিদের অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কয়েক দশক ধরে চলা রহড়া থেকে বাবুঘাট ৭৮/১ -২ রুটের বাস পরিষেবা। দীর্ঘ দিন ধরে নির্বিঘ্নেই চলছিল রহড়া থেকে বাবুঘাট পর্যন্ত ৭৮/১ -২ রুটের বাস পরিষেবা, কিন্তু গত দুদিন আগে বাস ইউনিয়নের প্রধান উপদেষ্টা তাপস পালের মৃত্যু হয়। এরপর গতকাল মধ্য রাতে কে বা কারা বাস ইউনিয়নের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলে পোস্টার মেরে দেয় রহড়ার বিস্তীর্ণ অঞ্চলেজুড়ে।

অভিযোগ, পোস্টারের একেবারে নিচের লাইনে লেখা হয় অসহায় বাস শ্রমিকদের কথা। পোষ্টারগুলি দেখে আপাত দৃষ্টিতে মনে হবে যেন বাসের শ্রমিকরা এই পোস্টারগুলি মেরেছেন। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন বাসচালক সহ কন্ট্রাক্টর এবং সহকারীরা। আর তারই প্রতিবাদে রবিবার সকাল থেকেই বাস পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন তারা। তাদের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই বাস শ্রমিকদের নাম ব্যবহার করেছেন। এটাই তাদের প্রতিবাদের প্রধান কারণ। এদিন শ্রমিকরা বলেন, “আমরা ভালো ভাবে কাজ করছিলাম। আমাদের ইউনিয়নের ওপর কোনও ক্ষোভ নেই কারণ ইউনিয়ান আমাদের পাশে সব সময় থাকে। কিছু মানুষ নিজেদের স্বার্থে শ্রমিকদের নাম ব্যবহার করছে আর আমাদের এখানকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তাই আমরা বাস পরিসেবা বন্ধ রেখেছি।”

তবে এই বিক্ষোভ ও বাস পরিষেবা বন্ধের খবর শুনে আসেন খরদহের নব নির্বাচিত বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। নিত্যযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রহড়া থেকে বাবুঘাট পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া ৭৮/১ রুটের বাস পরিসেবা পুনরায় চালু করার উদ্যোগ নিলেন তিনহ।

এই বৃষ্টিতে বাস না পেয়ে এদিন সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। আর তাদের কথা মাথায় রেখে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই যাতে বাস পরিষেবা স্বাভাবিক হয়ে যায় তাই শোভন দেব চট্টোপাধ্যায় বাস মালিকদের সাথে বৈঠক করবেন আর বিক্ষুব্ধ শ্রমিকদের সাথেও আলোচনায় বসবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *