ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ, জগদ্দল ফেরিঘাটে চলছে ঝুকিপূর্ণ গঙ্গা পারাপার

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ডিসেম্বর: ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ থাকা সত্বেও জগদ্দল ফেরিঘাটে চলছে গঙ্গা পারাপার। স্থানীয় মাঝিরাই রীতিমত প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নিয়ে গঙ্গা পারাপার করছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এরাজ্যে প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে দিনভর। সে জন্যই সাধারণ মানুষের নিরাপত্তার কারণে অন্যান্য ফেরিঘাটের পাশাপাশি জগদ্দল ফেরিঘাটেও ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে শনিবার থেকেই। কিন্তু তা সত্ত্বেও রবিবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে জগদ্দল থেকে চন্দননগর গঙ্গা পারাপার চলছে বিনা বাধায়। স্থানীয় মাঝিরা নিজেদের হাতে টানা নৌকা নিয়ে এই গঙ্গা পারাপারের কাজ করছেন সকাল থেকেই। জন প্রতি ৪০ টাকার বিনিময়ে সারাদিন দুর্যোগের মধ্যেই চললো হাতে টানা নৌকোর মাধ্যমে গঙ্গা পারাপার। আর এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই অসুরক্ষিত ভাবে গঙ্গা পারাপারের ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতেই পারে এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু তবুও অবাধে এই দুর্যোগের মধ্যেই চলে যাত্রী নিয়ে গঙ্গা পারাপার। এদিন বহু মানুষকে দেখা যায় সব জেনেও এই ঝুঁকি পূর্ণ ভাবেই গঙ্গা পারাপার করতে।

গঙ্গা পার করে আসা এক যাত্রী বলেন, “আজ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। আমাদের বিশেষ সমস্যার জন্য গঙ্গা পারাপার করতে হল। কিন্তু ওপারে এসে দেখি বৃষ্টির জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে আমাদের ৪০ টাকার বিনিময়ে এই হাতে টানা নৌকাতে করে গঙ্গা পার হতে হয়েছে। মাঝ গঙ্গায় খুব সাংঘাতিক অবস্থা। গঙ্গার জল ফুলে রয়েছে আর তার মধ্যে হাতে টানা নৌকা করে গঙ্গা পার হতে হল। প্রাণ হাতে নিয়ে পার হতে হচ্ছে।”

রবিবার সারাদিন এই ঝুঁকি নিয়ে গঙ্গা পার হতে দেখা গেল নিত্য যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *