ডালখোলায় দিনে দুপুরে শ্যুট আউট, এক ভুট্টা ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতিদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ মে: দিনে দুপুরে শ্যুট আউট ডালখোলায়। প্রকাশ্য দিবালোকে এক ভুট্টা ব্যবসায়ীকে গুলি করলো দুষ্কৃতিরা। কোনো রকমে প্রাণে বাঁচে অপর তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মৃতের তিন সঙ্গীকে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম জাইদুল হক (২৮), বাড়ি গোয়ালপোখর থানার মালিনগাঁও গ্রামে। বুধবার দুপুরে ডালখোলায় ভুট্টা বিক্রি করে দুটি বাইকে দু’জন করে চেপে বাড়ি ফিরছিলেন জাইদুল সহ মোট চারজন ব্যবসায়ী। সেই সময় আচমকা ডালখোলা থানার ভগবানপুর এলাকায় রাস্তায় মুখে রুমাল বাঁধা একদল আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতি তাদের পথ আটকে তাদের কাছে টাকা দাবি করে বলে অভিযোগ। সেই সময় তর্কে জড়ালে বাইক চালক জাইদুলকে দুষ্কৃতিদের একজন পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জাইদুল। তার সাথে বাইকে থাকা আরেক সঙ্গী কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন বলে জানান। আর আরো দুই সঙ্গী দূর থেকে তা দেখতে পেয়ে গ্রামে পালিয়ে যান। এদিকে জাইদুলের কাছে থাকা একলক্ষ টাকা ও তার অপর বাইক আরোহীর কাছে পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

ডালখোলা থানা থেকে অদূরেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে ছিনতাইয়ের উদ্দ্যেশ্যেই এই ঘটনা এবং ওই এলাকায় মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ। পাশাপাশি আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতিদের অবাধ বিচরণ বলে অভিযোগ।

এদিকে রক্তাক্ত ক্ষতবিক্ষত জাইদুলকে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তার তিন সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *