“তৃণমূলে যোগ দেবার রাস্তা হিসেবে অর্জুন সিং পাট শিল্পকে ব্যবহার করছে”, দাবি সিটুর জেলা সভাপতি গার্গী চ্যাটার্জির

আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ মে: ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিলের যে সব মিল বন্ধ রয়েছে সেসব মিল পুনরায় খোলার দাবিতে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ’য়ের পক্ষ থেকে ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মিল খোলার দাবিতে শ্রমিকদের মজুরি সর্ব নিম্ন ২৬০০০ ও বকেয়া বেতন দ্রুত দেওয়া এবং অস্থায়ী কর্মীদের দাবি সহ বিভিন্ন আবেদন নিয়ে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই মিছিলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিআইটিইউ’য়ের জেলা সভাপতি গার্গী চ্যাটার্জি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে ও জেলায় অনেক চটকল রয়েছে, তবে সেই সব চটকল বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় রয়েছে। তার দিকে সরকারের কোনো ভুক্ষেপ নেই এবং অর্জুন সিংয়ের জুট মিল শ্রমিকদের হয়ে আন্দোলন প্রসঙ্গে গার্গীদেবী বলেন, অর্জুন সিং জুট মিলের মালিকদের দালাল এবং শ্রমিকদের সামনে রেখে তৃণমূলে যোগদানের একটি সূত্র খুঁজছে।

সম্প্রতি অর্জুন সিং’য়ের জুট মিল নিয়ে কেন্দ্রের বিরোধিতা করার প্রসঙ্গে এবার মুখ খুললেন
সিআইটিইউ’য়ের জেলা সভাপতি গার্গী চ্যাটার্জি। এদিন তিনি বলেন, “অর্জুন সিং মিল শ্রমিকদের চিরকাল শোষণ করে এসেছে। এটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের মিল শ্রমিকরা ভালো করে জানেন। আর আজ তৃণমূলে যোগ দেবে বলে জুট মিল শ্রমিকদের ব্যবহার করছেন অর্জুন সিং। আসলে তৃণমূলে যাওয়ার জন্য উনি একটা ইস্যু খুঁজছিলেন আর জুট মিল আর পাট শিল্পকে ইস্যু করছে অর্জুন সিং। আসলে জুট শিল্পের উন্নয়নে আমরা সারা বছর কথা বলেছি। কিন্তু কেন্দ্র উদাসীন, আর রাজ্য সরকারও কিছুই পদক্ষেপ নেয়নি। আর অর্জুন সিং শুধু নিজের স্বার্থে এই ইস্যুকে ব্যবহার করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *