মূল্যবোধ শিক্ষায় অভিনব প্রশিক্ষণ

আমাদের ভারত, ১১ মে: পারিপার্শ্বিক অস্থিরতার পরিবর্তনের নেপথ্যে কতটা জড়িয়ে মূল্যবোধ শিক্ষা? প্রশ্নটা উঠে এল সাত দিনের একটি পাঠ্যক্রমের উদ্বোধনে।

নিউ আলিপুর কলেজের আইকিউএসি, দর্শন, অর্থনীতি ও সংস্কৃত বিভাগ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমিক কলেজ-এর (স্বশাসিত) আইকিউএসির সহযোগিতায় মূল্যবোধ শিক্ষার ওপর সার্টিফিকেট পাঠ্যক্রমের আয়োজন করা হয়েছে। যখন মূল্যবোধ বর্তমান জীবনযাত্রায় ক্ষয়িষ্ণু এবং সব মানুষই উদ্বেগ ও দুশ্চিন্তার শিকার, তখন এরকম একটি পাঠ্যক্রমের কথা ভেবেই নিউ আলিপুর কলেজ কর্তৃপক্ষ ভেবেছে। ছাত্রছাত্রীরাই দেশ এবং জাতির ভবিষ্যৎ, তাদের মূল্যবোধ এবং সততার ওপর দাঁড়িয়ে থাকে সমাজব্যবস্থা।

নিউ আলিপুর কলেজে মঙ্গলবার প্রথম এই পাঠ্যক্রমের উদ্বোধন হল অনলাইন মাধ্যমে। সেখানে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী ভাষণে মূল্যবোধ শিক্ষা এবং যুবসমাজ বিষয়ক মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তিনি নিউ আলিপুর কলেজকে এই পাঠ্যক্রমের আয়োজন করার জন্য অভিনন্দন জানান। প্রারম্ভিক ভাষণে কলেজের অধ্যক্ষ ডক্টর জয়দীপ ষড়ঙ্গী এই পাঠ্যক্রমের উদ্দেশ্য প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন। সকলের সামনে এবং তিনি ছাত্রছাত্রীদের পরহিতৈষী মনোভাবাপন্ন হয়ে ওঠার পক্ষেও সওয়াল করেন।

বক্তাদের মধ্যে ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমিক কলেজ-এর অধ্যক্ষ মহারাজ একতচ্চিত্তানন্দজি। তিনি বলেন, নীতিশিক্ষা জীবনের সর্বস্তরে থাকা উচিত এবং সর্বস্তরের পাঠক্রমের অন্তর্ভুক্ত হওয়া উচিত। নীতিশিক্ষায় শিক্ষিত মানুষই প্রকৃত মানুষ এবং কলেজগুলির দায়িত্ব প্রকৃত মানুষ গড়ে তোলায় প্রতিনিয়ত আগ্রহী হয়ে থাকা। স্বামী সর্বলোকানন্দজি মহারাজ মূল্যবোধ শিক্ষার বিভিন্ন দিক আলোচনা করেন। ছাত্রজীবন গঠনে মূল্যবোধ যে কত প্রয়োজনীয় তা বিভিন্নভাবে উপস্থাপন করেন।এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক বিজয়কুমার বেরা।

এই সপ্ত দিবসীয় সার্টিফিকেট পাঠ্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠনে এবং সুস্বাস্থ্য ও মনন পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। সেই সঙ্গে পরিষেবাভিত্তিক বিভিন্ন আদর্শের নিদর্শন তুলে ধরা হচ্ছে। ৮৭ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা এই অনলাইন মাধ্যমে মূল্যবোধ শিক্ষার ওপর প্রশিক্ষণ নিতে আগ্রহ দেখিয়ে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *