Ritabrata, Mamata, “পাঁচ মাসের মধ্যে ফের ক্ষমতায় ফিরব বলেননি এটাই অনেক,” মমতাকে কটাক্ষ ঋতব্রতর

আমাদের ভারত, রামপুরহাট, ৩০ আগস্ট: “ফলাফল বের হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ১৮০, আবার কখনো বলেছেন ২৩০ আসন পেয়েছেন। যাই হোক, উনি যে বলেননি পাঁচমাসের মধ্যে ক্ষমতায় ফিরে আসব এটাই অনেক।” রবিবার বীরভূমের রামপুরহাটে প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা শেষে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, চলতি বছরে রামপুরহাটে নিজের হাটতলার বাড়িতে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। ওইদিন বেলার দিকে ঋতব্রত ও তৃণমূলের বেশ কয়েকজন সদস্য রামপুরহাটে আশিসবাবুর বাড়িতে পৌঁছে পরিবারকে সমবেদনা জানিয়ে আসেন। রবিবার ছিল আশিসবাবুর স্মরণসভা। সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়, দলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, বিরোধী দলনেতা ঋতব্রত ভট্টাচার্য, বিধানসভার চিফ হুইপ মহম্মদ আকরজ্জামান, বিধায়ক ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য,  স্নেহাশিস চক্রবর্তী, মোশারফ হোসেন, রাজেন্দ্র প্রসাদ সিংহ, বিধান মাঝি, বোলপুরের সাংসদ অসিত মাল, ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “একটা এমন পরিস্থিতি রাজনীতিতে এসে দাঁড়িয়েছে, যেখানে শুধুই উগ্রতা। যেখানে ব্যক্তিগত আক্রমণ, নিন্দা, সব বিষয়ে মানুষের খারাপটাকে তুলে ধরা। যার ঊর্ধ্বে যে একটা মানুষ থাকতে পারে, যে মানুষটা কোনদিন অন্যায় করেননি সেই বোধবুদ্ধি মানুষের মধ্যে নেই। সেই কারণেই আশিস বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হলো। আশিস দা মৃত্যুর আগে লিখে গিয়েছিলেন, আমার পরিবারের যেন কেউ রাজনীতিতে না আসে। তার মানে আর কোনো ভালো মানুষ রাজনীতিতে আসবে না? যদি কেউ অন্যায় করে থাকে প্রশাসন তার ব্যবস্থা নেবে। তাই বলে চোর চোর বলে কাউকে দাগিয়ে দেওয়া এটা ঠিক নয়। অনেকের আত্মসম্মান নষ্ট হচ্ছে। সেই আত্মসম্মান থেকেই মরে প্রমাণ করে গেলেন আশিসবাবু। এই নোংরা রাজনীতি বন্ধ করা উচিত।”

মদন মিত্র বলেন, “এটাই আসল তৃণমূল। কারও ক্ষমতা নেই এই তৃণমূলকে শেষ করবে।”

অন্যদিকে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশি অভিযান প্রসঙ্গে ঋতব্রত বলেন, “পুলিশ ও পুরসভার আধিকারিকদের হেনস্থা করলে পুলিশ নোটিস তো করবেই।”

২৮ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করার বিষয়ে পুলিশের এফ আই আর প্রসঙ্গে ঋতব্রত বলেন, “কেউ হাইকোর্টের নির্দেশ অমান্য করলে পুলিশ তো ব্যবস্থা নেবেই।”

ওই সভা থেকে মমতা বলেছিলেন, পাঁচ বছরের মধ্যে আমরা ক্ষমতায় ফিরে আসব। ঋতব্রত বলেন, “উনি পাঁচ মাসের মধ্যে ক্ষমতায় আসবেন বলেননি এটাই অনেক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *