Mohan Bhagwat, RSS, মুসলমান তাড়ানো হিন্দুত্ব না, বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মজ্জায় মিশে রয়েছে: মোহন ভাগবত

আমাদের ভারত,৩০ আগস্ট: আমেরিকায় নিউইয়র্কের সভা থেকে ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। মোহন ভাগবতের মতে কোনো হিন্দু যদি ভাবেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাহলে সে ব্যক্তি হিন্দুই নন।

ম্যানহাটনের মেডিসিন স্কোয়ার গার্ডেনের সভা থেকে তাঁর বার্তা, “আমি এবং আমার ভাবনা থেকে কোনো সমাধান হয় না।সমাধান আসে আমরা এবং আমাদের চিন্তাধারা দিয়ে।

সংঘ প্রধানের কথা, ধর্মের পথ আলাদা হতে পারে, পুজো পদ্ধতি- আচার- অনুষ্ঠান আলাদা হতে পারে, কিন্তু সব পথের লক্ষ্য এক। সত্যের সন্ধান ও মানবতার কল্যাণ।

সংঘের শতবর্ষ পূর্তি উদযাপনে বিদেশ সফর শুরু করেছেন সংঘ প্রধান। নিউইয়র্কের ম্যানহাটনে সেই কর্মসূচির প্রথম সভা ছিল শনিবার। আমেরিকান হিন্দু ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়লগ আয়োজিত ইউনিভার্সেল ওয়াননেস সেলিব্রেশনে ভাগবত প্রায় এক ঘন্টা বক্তব্য রাখেন। তাঁর কথায়, বারবার প্রতিধ্বনিত হয় ভারতীয় সংস্কৃতিতে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা। তাঁর কথায় বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মজ্জায় মিশে রয়েছে। সকলের এটিকে উদযাপন করা এবং সম্মান করা উচিত।

ভাগবতের এই কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছিলেন নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভুত মেয়র জোহরান মামদানি। তিনি বলেছিলেন, এই কর্মসূচিকে সমর্থন করেন না। তবে কর্মসূচি বাতিল করে দেওয়ার এক্তিয়ার নিউইয়র্ক শহরের প্রশাসনের নেই বলে জানিয়েছিলেন তিনি। নিউইয়র্কের মেয়র বলেছিলেন, আমার পরিবার আমাকে ভারত সম্পর্কে যে ধারণা দিয়েছে, যে ধারণা নিয়ে আমি বড় হয়েছি, তা হলো এটি ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের বহুত্ববাদী সমাজ। যে সমাজ ভারতে বসবাসকারী প্রত্যেককে সঙ্গে নিয়ে চলে। সেখানে সমাজ থেকে কাউকে দূরে সরিয়ে রাখা দৃষ্টিভঙ্গিতে গড়ে ওঠা একটি আন্দোলনের উত্থান অত্যন্ত উদ্বেগজনক।

এই পরিস্থিতিতে শনিবার নিউইয়র্কের সভায় ভাগবতের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরএসএস প্রধানের বক্তব্য, ভারতে সব সম্প্রদায়ের মানুষ থাকেন। তিনি বলেন, ভারত সবাইকে আশ্রয় দিয়েছে এটাই ভারতের ঐতিহ্য। যারা বিশ্বের কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে পাননি তারা ভারতে এসেছেন। এখানে তারা নিজেদের জায়গা করে নিয়েছেন। তিনি আরো বলেন, মুসলিম ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছিলেন, আপনারা একটি হিন্দু সংগঠন, তাহলে আমাদের মুসলিমদের কী হবে? আপনারা কি আমাদের তাড়িয়ে দেবেন? আমি বলেছিলাম না, সেটা হিন্দুত্ব নয়। কোনো হিন্দু যদি মনে করেন যে ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তবে তিনি আর হিন্দু থাকেন না।

শনিবারের অনুষ্ঠানে বহু প্রবাসী ভারতীয় উপস্থিত ছিলেন। তাদের জন্মভূমির পাশাপাশি কর্মভূমির প্রতিও কর্তব্য পালনের আহ্বান জানান তিনি। শ্রোতাদের উদ্দেশ্যে ভাগবত বলেন, আমাদের কর্তব্য কী? আমরা আমেরিকায় আছি, আমরা আমেরিকায় বাস করছি, আমরা আমেরিকায় উপার্জন করি, তাই আমেরিকার প্রতি আমাদের আচরণ এবং মনোভাব সঠিক হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *