স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ নভেম্বর: ড্রেনের মধ্যে হাত বাঁধা নগ্ন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার মুচি পাড়ার।
স্থানীয়দের দাবি, গতকাল রাত থেকেই ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গোটা এলাকায় তাণ্ডব চালায়। বিভিন্ন বাড়িতে ইটপাটকেল ছোড়ে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যার কারণে রাস্তা দিয়ে এলাকার স্থানীয় লোকজন যাতায়াত করতে পারছিল না। আজ সকালে এলাকারই একটি ড্রেনের ভেতরে হাত বাধা নগ্ন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ড্রেনের ভেতর থেকে উদ্ধার করে।
যদিও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মাথায় ক্ষতচিহ্ন দেখা যায়, তার কারণে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলার জন্য হয়তো কেউ ভোররাতে তার হাত বেঁধে রাখতে পারে। তবে এখনও পর্যন্ত ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। ব্যক্তির পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।

