সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ অক্টোবর: পেট্রাপোল সীমান্তে পন্য বোঝাই ট্রাকে ভয়াবহ আগুন। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্তের নরহরিপুরে পার্কিংয়ের ৩ নম্বর জোনে ১২টি তুলো বোঝাই ট্রাকে আগুন লাগে। দমকলের ৬ টি ইঞ্জিনের ৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে মালিক পক্ষ।

স্থানীয় সূত্রের খবর, বনগাঁর নরহরিপুরে ৩ নম্বর পার্কিং জোনে, তখন রাত সাড়ে ১১টা। তুলো বোঝাই ট্রাক থেকে ধোঁয়া বেরতে লক্ষ্য করেন এলাকার বাসিন্দারা। তারা তড়িঘড়ি দমকলে খবর দেন। স্থানীয় বাসিন্দারা টিউবওয়েলের জল দিয়ে তা নেভানোর চেষ্টা করলেও জ্বলন্ত ট্রাকের কাছে পৌছাতেই পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছাতে পৌঁছাতেই ১০ টির বেশি গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে তুলো বোঝাই ট্রলার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকলের ৬ টি ইঞ্জিন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ সময় ধরে তুলোর মধ্যে মাঝে মাঝে আগুনের ফুলকি লক্ষ্য করা যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। কিভাবে এই আগুন লাগলো, প্রশাসন তা খতিয়ে দেখছে। এর পেছনে কোনও অর্ন্তঘাত কাজ করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

