আমাদের ভারত, ৭ নভেম্বর:বাঙালির বেড়ানোর অন্যতম প্রিয় জায়গা জগন্নাথদেবের ধাম পুরী। সময় সুযোগ পেলেই বাঙালি চলে যায় পুরী বেড়াতে ও জগন্নাথ দেবের দর্শন করতে। এবার সেই পুরীর নাম বদলে ফেলার দাবি উঠলো। ওড়িশার নানা মহলে তা নিয়ে চর্চা এখন তুঙ্গে।
বিভিন্ন সংগঠনের তরফে পুরীর নাম বদলে ফেলার দাবি উঠেছে বলে জানা গেছে। শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজমেন্ট কমিটির বৈঠকেও বিষয়টি উঠেছে। এই বৈঠকে প্রায় ৩০টি সংগঠন উপস্থিত ছিল। অনেকেই নাকি পুরীর নাম বদলানোর দাবি করেছেন। বেশ কয়েকটি নামের প্রস্তাবও জমা পড়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি দাবি জানানো হয়েছে “জগন্নাথ ধাম পুরী” এবং “জগন্নাথ পুরী” এই দুটি নামের জন্য।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শ্রী শ্রী ক্ষেত্র সূচনার সেক্রেটারি রাজেশ কুমার মহান্তি জানান, অনেক জায়গাতেই পুরীকে, “জগন্নাথ পুরী” হিসেবে উল্লেখ করা হয়। একাধিক পুরাণেও জগন্নাথ পুরীর কথা লেখা হয়েছে। কিছুদিন আগে পুরীতে গিয়ে এই নাম পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্রর প্রধানও।
তবে অনেকেই পুরীর নাম না পাল্টানোর পক্ষেও মত প্রকাশ করেছেন। পুরীর গোবর্ধন মঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর মতে, পুরীর নাম বদলানোর কোন প্রয়োজন নেই। কারণ বিশ্বজুড়ে পুরীকে জগন্নাথদেবের ধাম বলেই সবাই জানে। তিনি জানান, দ্বারকা পুরী, মথুরাপুরী, অযোদ্ধা পুরীর মত ধামের সঙ্গে পুরী শব্দটি জড়িত। শুধুমাত্র জগন্নাথদেবের ধামের ক্ষেত্রেই শুধু পুরী শব্দটি ব্যবহার করা হয়। তিনি বলেন পুরী নামটির সঙ্গে জগন্নাথদেবের মাহাত্ম্য জড়িয়ে রয়েছে, যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই পুরীর নাম বদলের প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন।

