Student, Midnapur, পোশাক কিনে না দেওয়ায় অভিমান, পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ ব্লকের চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের অন্তর্গত আধারনয়ণ এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পঞ্চম শ্রেণির ছাত্রী অঙ্কিতা হেমব্রমের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, পরদিন ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আধারনয়ণ স্কুল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটি র‍্যালি বের হওয়ার কথা ছিল। সেই র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য নতুন পোশাক কিনে দেওয়ার আবদার করেছিল অঙ্কিতা। জামা- প্যান্ট, শাড়ি- সহ বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার করে সে।

অঙ্কিতার মা তাকে জানান, তার বাবা বাইরে রয়েছেন। বাবা রাতে বাড়ি ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে পরের দিন পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়া হবে। কিন্তু সেই আবদার পূরণ না হওয়ায় অঙ্কিতা অভিমান করে বলে পরিবারের দাবি।

এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে অঙ্কিতাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান বলে জানা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শোকাহত অঙ্কিতার পরিবার, স্কুলের শিক্ষক- শিক্ষিকা এবং সহপাঠীরা।

অঙ্কিতার বাবা জানান, ১৫ আগস্টের অনুষ্ঠানে যাওয়ার জন্য পোশাক ও অন্যান্য সামগ্রী কিনে দেওয়ার বিষয়টি নিয়েই মেয়ের অভিমান হয়েছিল।

ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে।

একটি ছোট্ট আবদারকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ গোটা এলাকা। ১৫ আগস্টের আগেই ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আধারনয়ন স্কুলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *