পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে গড়বেতা ৩ নম্বর ব্লকের অন্তর্গত আমশল গ্রামে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত হন শালবনীর বিধায়ক বিমান মাহাতো। প্রত্যন্ত এই গ্রামটিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য বেছে নেওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক তাৎপর্য।

আমশল গ্রাম চুয়াড় বিদ্রোহের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। ইতিহাসের সেই উত্তাল সময়ে চুয়াড় বিদ্রোহের অন্যতম নায়ক ও স্বাধীনতা সংগ্রামী গোবর্ধন পতি ইংরেজদের কাছে আত্মসমর্পণ না করে স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই ভূমিতেই। সেই স্মৃতিবিজড়িত পবিত্র ভূমিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শালবনীর বিধায়ক বিমান মাহাতোর পাশাপাশি উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কারক। তাঁদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলনের পর বিধায়ক বিমান মাহাতো বলেন, চুয়াড় বিদ্রোহের নায়ক গোবর্ধন পতির আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ওই স্থানে তাঁর একটি আবক্ষ মূর্তি নির্মাণ করা হবে। এই ঘোষণায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়।
ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই প্রত্যন্ত গ্রামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হওয়ায় স্থানীয় বাসিন্দারাও বিশেষভাবে গর্বিত ও আনন্দিত।

