পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং উন্নত ভারত অভিযান (Unnat Bharat Abhiyan– UBA)- এর আওতায় বিশ্ববিদ্যালয়ের দত্তকগ্রাম বুরিশোলে ‘সবার সাথে স্বাধীনতা’ শীর্ষক একটি বিশেষ জনসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রামের অনগ্রসর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, গ্রামবাসী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, শিক্ষক ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

স্বাধীনতার চেতনা, সামাজিক সম্প্রীতি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিবিড় সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সহযোগিতায় বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বৃক্ষরোপণে অংশগ্রহণ করে। এর মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ রক্ষা, বৃক্ষ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা যৌথভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গান, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানে এক আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সঙ্গে গ্রামের শিশুদের এই মেলবন্ধন কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত করে তোলে এবং পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সংহতির এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড: জয়ন্ত কিশোর নন্দী, আইকিউএসি’র ডিরেক্টর অধ্যাপক মধুমঙ্গল পাল, এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং বিশ্ববিদ্যালয়ের ইউবিএ দত্তকগ্রামের ইনচার্জ অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের ইউবিএ সেল- এর পিআই অধ্যাপক নীলাঞ্জনা দাস চট্টোপাধ্যায়, অধ্যাপক অমল কুমার মণ্ডল এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মীরা। বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারাও কর্মসূচি সফলভাবে আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।
এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বিশেষত বিদ্যালয়ের শিশুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সরাসরি অংশগ্রহণ তাদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এনএসএস এবং উন্নত ভারত অভিযান -এর মাধ্যমে নিয়মিতভাবে তার দত্তকগ্রামগুলিতে বিভিন্ন জনকল্যাণমূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি পরিচালনা করে থাকে। শিক্ষা ও সচেতনতা প্রসার, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে একটি নিবিড় ও স্থায়ী সংযোগ গড়ে তুলতে সচেষ্ট।
‘সবার সাথে স্বাধীনতা’ কর্মসূচি তাই শুধুমাত্র স্বাধীনতা উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় ও গ্রামের মানুষের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি, পরিবেশ সচেতনতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক সুন্দর বার্তা বহন করে।

