Independence Day, West Midnapur, পশ্চিম মেদিনীপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, জেলার সামগ্রিক উন্নয়নে নাগরিকদের সহযোগিতার আহ্বান জেলাশাসকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার সঙ্গে উদযাপিত হলো পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত হয় স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা- সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিত পুলিশ বাহিনীর পক্ষ থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলাশাসক ও পুলিশ সুপার। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দেওয়া বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জেলাবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বিজীন কৃষ্ণা বলেন, দেশের স্বাধীনতার জন্য অসংখ্য বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার এই গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি বার্তা দেন।

জেলাশাসক জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবার সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বহু মানুষ ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগামী দিনেও জেলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই উন্নয়ন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলার সমস্ত নাগরিকের সহযোগিতা কামনা করেন জেলাশাসক। সরকারের জনকল্যাণমূলক কাজ ও প্রকল্পগুলিতে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে জেলার উন্নয়নকে আরও গতিশীল করার ক্ষেত্রে প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ ভূমিকার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র- ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। দেশাত্মবোধক নাচ, গান, আবৃত্তি- সহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বাধীনতা দিবসের আবেগ ও দেশপ্রেমের বার্তা তুলে ধরেন পড়ুয়ারা।

জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ এবং ছাত্র- ছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের মধ্যে দিয়ে একদিকে যেমন স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তেমনই জেলার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *