পুরভোটের প্রচারে বাংলায় আসছেন না শাহ

রাজেন রায়, কলকাতা, ৮ জানুয়ারি: বাংলায় জানুয়ারির শেষেই হবে চার পুরনিগমের নির্বাচন। তবে সূত্রের খবর, এই নির্বাচনের প্রচারে আপাতত দিল্লির তাবড় মুখেরা গেরুয়া শিবিরের জন্য প্রচারে আসছেন না বাংলায়, কারণ হিসেবে অবশ্যই সামনে আসছে করোনা।

বিধানসভা নির্বাচনের আগের সময়ের কথা যদি ভাবা যায়, তাহলে দেখা যাবে সেই সময়ে প্রায়ই নিয়ম করে দিল্লি এবং অন্য রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা বাংলায় আসতেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মঞ্চ বেঁধে সভা ও মিছিল করতেন। মোদী থেকে শাহ, যোগী কয়েকমাসে এত ঘনঘন বাংলায় এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল দল বিজেপি নেতাদের “ডেলি প্যাসেঞ্জার” অ্যাখ্যাই দিয়ে দিয়েছিল। ঠিক হয়েছিল বাকি পুরনিগমের ভোট গুলিতে এবার প্রচার শুরু হবে নতুন উদ্যমে। তবে তার মাঝে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। রাজ্যে বর্ষশেষের হইহুল্লোড়ের পর করোনা পরিস্থিতি এখন পিক পয়েন্টে। কয়েকদিনে লাফিয়ে সংক্রমণ বেড়ে এখন দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁই ছুঁই।

এই পরিস্থিতিতে বিজেপির নেতারা একপ্রকার ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে। তাঁদের মতে এতদিন ভোট বকেয়া থাকলে এখনো পিছিয়ে দেওয়া হোক। করোনা কালে বিজেপির নেতারাও প্রচারে আসতে চাইছেন না বাংলায়। দিন কয়েক আগেই রাজ্য বিজেপির নতুন কমিটির সঙ্গে বৈঠক করতে বাংলায় এসেছিলেন বিএল সন্তোষ। তিনিই জানিয়েছিলেন, জানুয়ারির ৯-১০ তারিখে কলকাতায় আসবেন নাড্ডা। করোনা পরিস্থিতির কথা ভেবে দলের তরফ থেকে কোনো বড়ো জমায়েত না করার কথাও ভাবা হয়েছিল।

তবে ইতিমধ্যে সেই সফর বাতিল হয়েছে। তার পরেই কথা ছিল উত্তরবঙ্গে শাহ আগমনের। শিলিগুড়ি পুরভোটের আগে অমিত শাহের আগমন নতুন উদ্যম তৈরি করবে বলেই অনেকে মনে করেছিলেন। তবে সূত্রের খবর, শেষ বেলায় শাহও জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে বাংলায় আসছেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *