জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: এক অসুস্থ ভবঘুরে মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলে এনে হাসপাতলে ভর্তি করলেন কেশিয়াড়ির বিডিও। কেশিয়াড়ি ব্লকের হাতিগেড়িয়া এলাকায় ওই ভবঘুরে মহিলা ঘুরে বেড়াতেন। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়েক মাস আগে আশ্রয়হীন ওই অসহায় মহিলাটি ব্লক প্রশাসনের নজরে আসার পর বিডিওর উদ্যোগে তাকে একটি আশ্রয়স্থল করে দেওয়া হয়েছিল। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে ভবঘুরে মহিলাটি হাঁটাচলা করতে পারছিলেন না।ব্লক প্রশাসন খবর পেয়ে শনিবার সকালে চিকিৎসার জন্য তাকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

বিডিও বিপ্লব দত্ত জানান, শীত থেকে বাঁচাতে ওই মহিলার জন্য একটি আশ্রয় স্থল তৈরি করে দেওয়া হয়েছিল। কিছুদিন ধরে তিনি হাঁটাচলা করতে পারছিলেন না। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানাগেছে, শীতবস্ত্র দেওয়ার জন্য কেশিয়াড়ি ব্লক এলাকায় ভবঘুরেদের একটি তালিকা তৈরি হচ্ছিল। সেই সময় বিডিও বিপ্লব দত্ত সরেজমিনে গিয়ে দেখেন ওই মহিলা খুবই অসুস্থ। এরপরই তার চিকিৎসার পদক্ষেপ করা হয়। হাসাপাতালে অসুস্থ ওই মহিলার ওষুধপত্র ও খাবারের কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন বিডিও। কোভিড পরিস্থিতির জন্য ওই মহিলাকে ভবঘুরেদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

