সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট, নলহাটিতে দুই ক্লাব কর্মকর্তাকে আটক করলো পুলিশ

আশিস মণ্ডল, রামপুরহাট, ৮ জানুয়ারি: সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট। খবর পেয়ে পুলিশ দুই ক্লাব কর্মকর্তাকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার আসুরিয়া গ্রামে।

জানা গিয়েছে, ওই গ্রামের একটি ক্লাব স্থানীয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল। তিনদিন ধরে চলছিল খেলা। এদিনও খেলার মাঠে সহস্রাধিক মানুষ জমায়েত করে খেলা উপভোগ করছিল। কারও মুখে ছিল না মাস্ক। দূরত্ববিধি শিকেয়। খবর পেয়ে বিকেলের দিকে নলহাটি থানার পুলিশ গিয়ে খেলা বন্ধ করে দেয়। দুই কর্মকর্তাকে আটকে থানায় নিয়ে যায়।

ন’পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হক বলেন, “প্রথম দিকে খেলার খবর জানতাম না। পরে গ্রামের মানুষ ফোন করে আমাকে জানায়। এরপরেই আমি খেলা বন্ধ করার অনুরোধ করি। কিন্তু উদ্যোক্তারা আমার কথায় কর্ণপাত করেনি। এই খেলার ফলে এলাকায় করোনা ছড়িয়ে পরার আশঙ্কা থেকে যাচ্ছে”।

এদিন খেলার মাঠে মঞ্চ আলো করে বসেছিলেন পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের সদস্যরা। তাদের অনেকের মুখেই ছিল না মাস্ক। পুলিশ যেতেই তারা সরে পড়েন।

পঞ্চায়েত সদস্য অরূপ কোনাই বলেন, “ক্লাবের ছেলেরা করোনা অতিমারীর অনেক আগেই খেলার দিনক্ষণ ঠিক করে ফেলেছিল। তাই তারা আর বাতিল করতে পারেনি। গ্রামের বিষয় তাই আমিও কিছু বলতে পারিনি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *