আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করলেন রাহুল গান্ধী, শশী থারুর, রণদীপ সুরজেওয়ালা’র মত প্রথম সারির কংগ্রেস নেতারা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, “আজকের বাজেট হতাশাজনক। দেশের মানুষ করভারে জর্জরিত। সেখানে কর বাড়িয়ে আয় করার চেষ্টা করছে সরকার। সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনও মাথাব্যাথা নেই এই সরকার শুধু ভাণ্ডারের দিকে তাকিয়ে।” আর্থিক বাজেটের নিন্দা করে মঙ্গলবার টুইটারে লিখেছেন তিনি।
কংগ্রেস নেতা শশী থারুরও মঙ্গলবারের আর্থিক বাজেটের সমালোচনা করেছেন। এদিন তিনি বলেন, ‘দেশে মুদ্রাস্ফীতি নিয়ে এত আলোচনা চলছে, কিন্তু বাজেটে এ নিয়ে কোনও উল্লেখ নেই। প্রতিরক্ষা খাতে বরাদ্দ নিয়ে কোনও স্পষ্ট কথা নেই। একশো দিনের কাজে বরাদ্দ নিয়েও কোনও কথা নেই। এই বাজেট হতাশাজনক।’
মঙ্গলবারের আর্থিক বাজেট পেশের পরেই কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি টুইটারে লিখেছেন, ‘অতিমারীর সময় একটু স্বস্তি চাইছিলেন দেশের চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণি। মুদ্রাস্ফীতি ও বেতন সঙ্কোচনের সময় এটাই ছিল তাঁদের কাছে শেষ আশা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তাঁদের গভীরভাবে হতাশ করেছেন। এটা দেশের চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণির প্রতি বিশ্বাসঘাতকতা।’

