দিল্লির জাহাঙ্গিরপুরির হিংসার ঘটনায় গ্রেফতার বাংলার একাধিক যুবক

আমাদের ভারত, ১৯ এপ্রিল: দিল্লি জাহাঙ্গিরপুরি এলাকায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজনের বঙ্গ যোগের হদিশ মিলেছে। এখনো পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একাধিক ধৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এমনকি ঘটনার মাস্টার মাইন্ডেরও এই রাজ্যের সঙ্গে যোগ রয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় মাস্টারমাইন্ড আনসার শেখের সন্ধান আগেই পাওয়া গেছে। জানা গেছে, আনসার হলদিয়ার অস্থায়ী বাসিন্দা। সে বিহারের মানুষ হলেও বৈবাহিক সূত্রে হলদিয়ার বাড়িতে তার প্রায়শই যাতায়াত ছিল। স্থানীয় মানুষের মধ্যে সে বেশ পরিচিত। পাশাপাশি আরও এক অভিযুক্ত শেখ আসলমও হলদিয়ার বাসিন্দা। এছাড়াও সনু শেখ, সুখেন সরকার, সুরেশ সরকার নামে কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ওই ঘটনায়, যাদের বঙ্গ যোগ রয়েছে।

জানা যাচ্ছে, আনসার ধনী পরিবারের সন্তান। পারিবারিক ব্যবসা রয়েছে তাদের। প্রচুর দান ধ্যান করত সে। অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত খবর জানতে তদন্ত শুরু করেছে পুলিশের ১৪টি তদন্তকারী দল।

আসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুলি চালানোর। সে করোনা কালে লকডাউনের সময় হলদিয়াতে ছিল বলে জানা গেছে। এর আগে ২০২০ দাঙ্গায় তার নামে এফআইআর দায়ের হয়েছিল। অন্যদিকে অভিযুক্ত সুখেন সরকারের স্ত্রী দাবি করেছেন তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। সংঘর্ষের ঘটনায় আহত এক পুলিশ আধিকারিক আগেই জানিয়েছিলেন পাথর বৃষ্টির সময় সেখানে বাংলায় গালিগালাজ করতে শোনা গিয়েছিল অনেককেই।

দিল্লির জাহাঙ্গিরপুরি এলাকার একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তী শোভাযাত্রা যাওয়ার সময় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। তারপরই সেই বিবাদ চোখের নিমেষে সংঘর্ষে চেহারা নেয়। অভিযোগ উঠেছে শোভাযাত্রা চলাকালীন স্থানীয়রা ইট-পাথরের বৃষ্টি শুরু করে। অন্য পক্ষের অভিযোগ, শোভাযাত্রা থেকে স্থানীয় দোকানপাট ভাঙ্গচুর চালানো হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *